প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
নরসিংদীতে ডিম কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ডিম কিনতে গিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে লুৎফর নাহার (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি স্টেশনের পশ্চিম পাশে সাপমারা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর নাহার রায়পুরা উপজেলার মানিক ভূঁইয়ার স্ত্রী ও পাঁচ সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে দৌলতকান্দি স্টেশন অতিক্রম করার সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশায় করে সাপমারা বাজারে এসে গাড়ি থেকে নেমে ডিম কিনতে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলা ভয়েস