নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্যা এলাকায় ডিজেল ভর্তি একটি লড়ি থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার তেলসহ একটি লড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় লড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল ভর্তি লড়িসহ ড্রাইভারকে আটক করা হয়।
আটককৃত ড্রাইভার অলিউল্লাহ (৪০) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, লড়িটি থেকে অবৈধভাবে ডিজেল বিক্রি করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৮ হাজার লিটার ডিজেলসহ লড়িটি জব্দ করা হয় এবং ড্রাইভারকে আটক করা হয়।
পরে জব্দকৃত লড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং আটককৃত ড্রাইভারকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..