নরসিংদীর মাধবদী পৌরসভার টাটাপাড়া ০৬ নং ওয়ার্ডে অবস্থিত টাটাপাড়া জামে মসজিদের ওয়াকফকৃত জমি জবরদখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক এক নেতার ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় মসজিদের মোতোয়ালি ডা. রফিকুল ইসলাম খাঁন বাদী হয়ে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি নং: ১০০১,
তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬।
জিডি সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে টাটাপাড়া মৌজার
আরএস খতিয়ান নং ৪৪৫,
এসএ দাগ নং ২১,
আরএস দাগ নং ৮৯
এর আওতাভুক্ত টাটাপাড়া জামে মসজিদের নামে ওয়াকফকৃত ৭.৬৬ শতাংশ জমির মধ্যে থেকে প্রায় ২ শতাংশ জমি জবরদখল করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়,
টাটাপাড়া ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মাদবর আলী প্রধানের ছেলে মাসুম প্রধান,
পিতা অজ্ঞাত নাদির হোসেন জয়নাল,
মৃত আব্দুল মান্নানের ছেলে তালেব হোসেন
এবং তাদের সঙ্গে থাকা ২০-২৫ জন ব্যক্তি মিলে উক্ত জমি দখল করে সেখানে টিনের ঘর নির্মাণ করেন।
এ সময় মসজিদের মোতোয়ালি ও স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিলে মেরে পুঁতে রাখার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
মসজিদ কমিটি ও স্থানীয়রা বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“এ বিষয়ে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি রুজু হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই শাহীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এ জাতীয় আরো খবর..