নরসিংদীর বেলাবো উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি না থাকলেও হাজিরা খাতা দেখতে চাইলে তা দেখাতে অনীহা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আবার কিছু দপ্তরে হাজিরা খাতা পর্যালোচনায় দেখা গেছে, কয়েকদিন ধরে কোনো স্বাক্ষর নেই।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে অনুসন্ধানে এমন চিত্র উঠে আসে।
উপজেলা সমবায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম অফিসে অনুপস্থিত। ভেতরে সহকারী অফিসার মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন। সমবায় কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সকালে অফিসে এসেছিলেন, পরে নরসিংদীতে চলে গেছেন।” তবে হাজিরা খাতা পর্যালোচনায় দেখা যায়, গত ২ মার্চের পর থেকে সেখানে তার কোনো স্বাক্ষর নেই। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কর্মকর্তা বলেন, “তিনি নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করেন না।”
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে দেখা যায়, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির অফিসে নেই। অফিসের চেইনম্যান আ. লতিফ জানান, “স্যার অফিসে আসেননি।” তিনি ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। কখনো বলেন স্যার আসেননি, আবার কখনো বলেন অফিসে এসে ফিল্ডে গেছেন। তিনি আরও বলেন, “স্যার যতদিন ফিল্ডে থাকেন ততদিন হাজিরা খাতায় স্বাক্ষর করেন না।” হাজিরা খাতা দেখতে চাইলে তিনি জানান, “উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিক বা অন্য কাউকে দেখানো যাবে না।”
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইউসুফ ভূঁইয়া ও কর্মকর্তা মো. মাসুদুল আলমসহ কয়েকজন কর্মকর্তা অফিসে উপস্থিত নেই। ভেতরে সহকারী কর্মকর্তা আবুল হোসেনকে পাওয়া যায়। কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা সবাই ফিল্ডে আছেন।” উপস্থিতি হাজিরা খাতা দেখতে চাইলে তিনি বলেন, “পরে আসেন, এখন দেখানো যাবে না।” হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, “এখনো কোনো স্বাক্ষর হয়নি।”
উপজেলা আইসিটি অফিসার তুষার ভট্টাচার্যের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনিও অফিসে নেই। এ সময় অফিসে থাকা এক নারী কর্মকর্তা জানান, “স্যার রায়পুরা উপজেলায় আছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছুটির দিনেও জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেন, সেখানে বেলাবো উপজেলার অনেক কর্মকর্তা ছুটি না নিয়েই অফিসে অনুপস্থিত থাকেন। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বলেন, “এই উপজেলা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা। তিনি বিভিন্ন হাসপাতালে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু তার নিজ নির্বাচনী এলাকার অনেক সরকারি কর্মকর্তা নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকেন। আমরা চাই, জনগণের সেবা নিশ্চিত করতে সব কর্মকর্তা নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকুন।”
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ জাতীয় আরো খবর..